তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা মারইয়াম: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 19 নম্বর সূরা, আয়াত 98টি, 305 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-কাহাফসূরা ত্বা-হা ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. কাফ-হা-ইয়া-‘আঈন-সোয়াদ।[১]

[১] এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে হুরূফে মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের- তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও- এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।

2. (হে নবী!) এটা তোমার রবের তাঁর বান্দা যাকারিয়্যার প্রতি রহমতের বিবরণ।

3. যখন সে তার রবকে গোপনে ডেকেছিল।

4. তিনি বললেন, ‘হে আমার রব! আমার অস্থিগুলো দুর্বল হয়ে গেছে, আর আমার মাথা পাকা চুলে ছেয়ে গেছে। হে আমার রব! আপনার কাছে দোয়া করে আমি কখনো বঞ্চিত হইনি।’

5. ‘আর আমি আমার (মৃত্যুর) পরে আত্মীয়-স্বজনদের সম্পর্কে (দুনিয়াদারীতে নিমগ্ন থাকার) আশঙ্কাবোধ করছি। এদিকে আমার স্ত্রীও বন্ধ্যা। অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী (পুত্র সন্তান) দান করুন।’

6. ‘যে আমার (নবুওয়াতের) উত্তরাধিকারী হবে এবং ইয়াকূবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব! আপনি তাকে (ধর্ম, চরিত্র ও জ্ঞানে) পছন্দনীয় বানিয়ে দিন।’

7. (প্রার্থনার সাড়া দিয়ে আল্লাহ তাকে বললেন:) ‘হে যাকারিয়া! আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। আমি ইতঃপূর্বে এ নামে অন্য কারো নাম রাখিনি।’

8. সে (যাকারিয়্যা) বললো: ‘হে আমার রব! আমার কীভাবে পুত্র সন্তান হবে; অথচ আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমিও তো বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি।’

9. সে (সংবাদদাতা ফিরিশতা) বললো: ‘এভাবেই হবে।’ তোমার রব বলেছেন: ‘এটা (বন্ধ্যা মা এবং বৃদ্ধ পিতা থেকে কাউকে সৃষ্টি করা) আমার জন্য খুবই সহজ। আমি তো ইতঃপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না।’

10. সে বললো: ‘হে আমার রব! আমার জন্য (সুসংবাদ লাভের) একটি নিদর্শন ঠিক করে দিন।’ তিনি বললেন: ‘তোমার জন্য এটাই নিদর্শন যে, তুমি সুস্থ থেকেও তিনদিন কারো সাথে কথা বলবে না।’

11. অতঃপর সে মিহরাব[১] হতে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে আসলো এবং ইশারায় তাদেরকে বললো যে, ‘তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ কর।’

[১] ‘ইবাদাতের জন্য নির্দিষ্ট কক্ষ।

12. (পরিণত বয়সে উপনীত হলে আল্লাহ তাকে সম্বোধন করে বললেন:) ‘হে ইয়াহইয়া! তুমি কিতাবটিকে (তাওরাতকে) দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।’ আমি তাকে শৈশবেই প্রজ্ঞা ও জ্ঞান[১] দান করেছি।

[১] এখানে হুকুম শব্দ দ্বারা জ্ঞান, প্রজ্ঞা, বুঝ, দৃঢ়তা, স্থিরতা, কল্যাণমূলক কাজে অগ্ৰগামিতা এবং অসৎকাজ থেকে বিমুখতা বুঝানো হয়েছে।

13. আর আমি তাকে নিজ পক্ষ থেকে (দয়াপরবশ হয়ে) স্নেহ-মমতা ও পবিত্রতা দান করেছি। আর সে ছিল, (আল্লাহর আদেশ-নিষেধ মানা সত্যিকারেরই) মুত্তাকী।

14. আর সে ছিল তার পিতামাতার সাথে সদাচারী। আর সে (তার রব ও পিতামাতার প্রতি) উদ্ধত, অবাধ্য ছিল না।

15. আর তার ওপর (আল্লাহর পক্ষ থেকে) শান্তি ও নিরাপত্তা, যেদিন সে জন্ম লাভ করেছিল, যেদিন সে মারা যাবে এবং যেদিন তাকে জীবিত অবস্থায় উঠানো হবে।

16. আর (হে রাসূল!) তুমি কিতাবে মারইয়াম-এর কথা উল্লেখ কর, যখন সে তাঁর পরিবার থেকে পৃথক হয়ে পূর্ব দিকের এক নির্জন স্থানে আশ্রয় নিয়েছিলো।

17. তখন সে তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য একটি পর্দা গ্রহণ করল। অতঃপর আমি তার কাছে আমার রূহ (জিবরীলকে) প্রেরণ করলাম, আর তিনি তার সামনে এক পরিপূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলেন।

18. মারইয়াম বললো: ‘আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি; যদি তুমি মুত্তাকী হও।’

19. জিবরীল বললেন: আমি তো তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। (তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন,) যাতে আমি তোমাকে এক পবিত্র সন্তান দান করি।

20. মারইয়াম বললো: ‘কীভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ কোনো (পুরুষ) মানুষ আমাকে স্পর্শ করেনি। আর আমি তো ব্যভিচারিণীও নই।’

21. সে (জিবরীল) বললো: ‘এভাবেই হবে।’ তোমার রব বলেছেন: ‘এটা (পিতা ছাড়া সন্তান জন্ম দেয়া) আমার জন্য খুবই সহজ। আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত। আর এটি (এ সন্তানের জন্ম) একটি সিদ্ধান্তকৃত বিষয়।’

22. তারপর (ফিরিশতার ফুঁয়ের পর) সে তাকে (‘ঈসাকে) গর্ভে ধারণ করলো এবং তাকে নিয়ে দূরবর্তী একটি স্থানে[১] চলে গেলো।

[১] দূরবর্তী স্থান বলতে বাইত লাহম অথবা পূর্বদিকে কোন স্থানে।

23. অতঃপর (গর্ভধারণের সময় পূর্ণ হবার পর) প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য করল। (প্রসবের যাতনা ও লোকলজ্জার ভয়ে আর্তনাদ করে) সে বললো: ‘হায়! এর আগেই যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম।’

24. তখন তার নিচ থেকে সে[১] তাকে ডেকে বললো যে, ‘তুমি চিন্তা করো না। তোমার রব তোমার নিচে একটি ঝরনা সৃষ্টি করেছেন।’

[১] কে মারইয়ামকে ডেকেছিলো, এ ব্যাপারে দুটি মত: ‘ঈসা অথবা ফিরিশতা জিবরীল। ‘ঈসা হলে অর্থ হবে: সে মারইয়ামের দু’ পায়ের নিচ থেকে ডেকেছিল। আর ফিরিশতা হলে অর্থ হবে: গাছের নীচ থেকে ডেকেছিল।

25. আর তুমি খেজুর গাছের কাণ্ডটি নিজের দিকে ঝাঁকাও; তা তোমার ওপর তাজা-পাকা খেজুর ঝরিয়ে দেবে।

26. অতঃপর তুমি (তাজা খেজুর) খাও, (পানি) পান করো এবং (নিজ সন্তানকে দেখে) চোখ জুড়াও। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, ‘আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না।’

27. তারপর মারইয়াম তাকে (সন্তান ‘ঈসাকে) কোলে নিয়ে নিজ জাতির নিকট আসলো। তারা বললো: ‘হে মারইয়াম! তুমি তো একটি জঘন্য পাপের কাজ করে ফেলেছো!’[১]

[১] অর্থাৎ তুমি তো পিতা ছাড়া একটি সন্তান জন্ম দিলে।

28. ‘হে হারূনের বোন![১] (এমন একটা ঘটনা তুমি কিভাবে ঘটালে?) তোমার পিতা তো খারাপ লোক ছিলো না। আর তোমার মা-ও ব্যভিচারিণী ছিল না।’

[১] অর্থাৎ হারূনের ন্যায় ইবাদাতকারিণী! এখানে হারূন বলতে মূসা (আ.) এর ভ্রাতা হারূন হতে পারে, তখন এর অর্থ হবে: হে হারূনের বংশধর অথবা মারইয়ামের জ্ঞাতি ভাই হারূনকেও বুঝানো হতে পারে, যে তখনকার সময়ে একজন নেককার ব্যক্তি ছিল।

29. তখন মারইয়াম শিশুটির দিকে ইশারা করলো। তারা (আশ্চর্য হয়ে) বললো: ‘আমরা কীভাবে একটি কোলের শিশুর সাথে কথা বলবো?’

30. শিশুটি বললো: ‘নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব (ইন্জীল) দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন।’

31. ‘আর আমি যেখানেই থাকি না কেনো তিনি আমাকে (তাঁর বান্দাদের জন্য) বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন।’

32. ‘আর তিনি আমাকে আমার মায়ের প্রতি সদাচারী করেছেন এবং আমাকে (আমার রবের প্রতি) প্রচণ্ড অহংকারী, বিদ্রোহী বানাননি।’

33. ‘আর আমার ওপর শান্তি ও নিরাপত্তা, যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাবো আর যেদিন (কিয়ামতের দিনে) আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে।’[১]

[১] অর্থাৎ জন্মের সময় আমাকে শয়তান স্পর্শ করতে পারে নি। সুতরাং আমি নিরাপদ ছিলাম। অনুরূপভাবে মৃত্যুর সময় ও পুনরুত্থানের সময়ও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না।

34. এই (বৈশিষ্ট্যসমূহ সম্পন্ন) হচ্ছে মারইয়াম পুত্র ‘ঈসা। এটিই হলো তাঁর ব্যাপারে চূড়ান্ত সত্য কথা, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে।

35. সন্তান গ্রহণ করা তো আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র মহান। তিনি যখন কোন কিছু করতে চান তখন তদুদ্দেশ্যে শুধু বলেন: ‘হও’, অমনি তা হয়ে যায়।[১]

[১] সুতরাং যিনি এমন, তিনি তো সন্তান গ্রহণ করা থেকে অবশ্যই পবিত্র।

36. আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব। সুতরাং তোমরা কেবল তাঁরই ইবাদাত করো। এটাই সরল-সঠিক পথ।

37. অতঃপর (‘ঈসার ব্যাপারটি নিয়ে) তাদের মধ্যে দলগুলো বিভক্ত হয়ে গেল[১]; অতএব, দুর্ভাগা হোক সেই কাফেরদের, যখন তারা এক মহান দিনের দৃশ্যের মুখোমুখি হবে।

[১] তাদের কেউ কেউ তার ওপর ঈমান এনে বললো: সে আল্লাহর রাসূল। আবার ইয়াহূদীরা বলল: সে জারজ সন্তান। আবার খ্রিস্টানদের একদল বললো: সেই আল্লাহ। অন্যরা বললো: সে আল্লাহর ছেলে। বস্তুত আল্লাহ তা‘আলা এ অপবাদ থেকে অনেক ঊর্ধ্বে।

38. যেদিন তারা আমার কাছে আসবে, সেদিন তারা কতই না স্পষ্টভাবে শুনতে পাবে এবং দেখতে পাবে! কিন্তু যালিমরা আজ স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে।

39. আর (হে রাসূল! তুমি) মানুষদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে; অথচ তারা (দুনিয়ার জীবনে সে ব্যাপারে) রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না।

40. নিশ্চয় আমি জমিন ও এর ওপরে যারা আছে, তাদের সবার চূড়ান্ত মালিক হবো এবং আমারই নিকট তাদের ফিরিয়ে আনা হবে।

41. আর (হে রাসূল!) কিতাবে ইবরাহীমের কথা উল্লেখ করো; নিশ্চয়ই তিনি ছিলেন পরম সত্যবাদী নবী।

42. যখন সে তার বাবা (আযর) কে বলল,‘হে আমার পিতা! তুমি কেন এমন কিছুকে ইবাদত করছ যা শোনে না, দেখে না এবং যা তোমার কোনো উপকারও করতে পারে না?

43. ‘হে আমার পিতা! আমার কাছে (অহীর মাধ্যমে) এমন জ্ঞান এসেছে, যা তোমার কাছে আসেনি। সুতরাং তুমি আমার অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাবো।’

44. ‘হে আমার পিতা! তুমি শয়তানের ইবাদাত করো না। নিশ্চয় শয়তান হলো পরম করুণাময়ের অবাধ্য।’

45. ‘হে আমার পিতা! আমি আশংকা করছি যে, পরম করুণাময়ের (পক্ষ থেকে) তোমাকে শাস্তি স্পর্শ করবে (যদি কুফরীর ওপর মারা যাও), ফলে তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে।’

46. সে (আযর তার ছেলেকে) বললো: ‘হে ইবরাহীম! তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি (আমার মূর্তিগুলোকে গালি দেয়া থেকে) বিরত না হও, তবে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আর তুমি দীর্ঘকালের জন্য আমাকে ছেড়ে চলে যাও।’

47. (ইবরাহীম তার পিতাকে) বললো: ‘তোমার প্রতি সালাম। আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা (ও হিদায়াত) চাইব।[১] নিশ্চয় তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল।’

[১] এটি মূলত কাফিরদের জন্যে ক্ষমা প্রার্থনা নিষেধাজ্ঞার পূর্বের ঘটনা।

48. আর আমি তোমাদের থেকে এবং আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করছি। আর আমি আমার রবকে ডাকব। আশা করি, আমার রবকে ডেকে আমি দুর্ভাগা হব না।

49. অতঃপর, যখন সে তাদের এবং তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদাত করত তা থেকে নিজেকে আলাদা করল, আমি তাকে (পরিবার ত্যাগ করার প্রতিদানস্বরূপ) ইসহাক ও ইয়াকুবকে দান করলাম এবং আমি প্রত্যেককে নবী বানালাম।

50. আর আমি তাদেরকে (নবুওয়াতের পাশাপাশি) আমার অনুগ্রহ দান করলাম। আর আমি (আমার বান্দাদের মুখে মুখে) তাদের সুনাম সুখ্যাতিকে সমুচ্চ করলাম।

51. আর (হে রাসূল!) কিতাবে মূসাকে স্মরণ কর; নিশ্চয়ই তিনি ছিলেন বিশেষভাবে মনোনীত এবং তিনি ছিলেন একজন রাসূল ও নবী।

52. আমি তাকে তূর পাহাড়ের ডান দিক থেকে ডেকেছিলাম এবং অন্তরঙ্গ আলাপের উদ্দেশ্যে তাকে নৈকট্য দান করেছিলাম।

53. আর আমি স্বীয় অনুগ্রহে তার জন্য তার ভাই হারূনকে নবীরূপে দান করলাম।

54. আর (হে রাসূল!) এই কিতাবে ইসমাঈলের কথা স্মরণ করো। নিশ্চয় সে ছিলো অঙ্গীকার রক্ষায় সত্যনিষ্ঠ এবং তিনি ছিলেন একজন রাসূল ও নবী।

55. আর সে তার পরিবার পরিজনকে সালাত কায়িম ও যাকাত আদায়ের নির্দেশ দিতো এবং সে ছিল তার রবের সন্তোষভাজন।

56. আর (হে রাসূল! তুমি) স্মরণ করো এই কিতাবে (আল কুরআনে) ইদরীসকে। সে ছিলো পরম সত্যনিষ্ঠ নবী।

57. আর আমি তাকে (নবুওয়াত দিয়ে) উচ্চ মর্যাদায় সমুন্নত করেছিলাম।

58. বস্তুত, এরাই ঐসব নবী-রাসূল, আদম সন্তানের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। আর ইবরাহীম ও ইসরা‘ঈলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমি (ইসলামের প্রতি) পথপ্রদর্শন করেছিলাম ও (নবী হিসেবে) মনোনীত করেছিলাম। যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তারা (আল্লাহর ভয়ে) কাঁদতে কাঁদতে সাজদায় লুটিয়ে পড়তো।

59. তাদের (এসব মনোনীত নবীদের) পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামে অনিষ্ট ও ব্যর্থতার সাক্ষাৎ পাবে।

60. তবে তারা নয়, যারা (ত্রুটি ও অপকর্ম থেকে) তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো যুলম করা হবে না।

61. চিরস্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি পরম করুণাময় তাঁর বান্দাদের গায়িবের মাধ্যমে দিয়েছেন। নিশ্চয় তাঁর প্রতিশ্রুতি অবশ্যম্ভাবী।

62. তারা সেখানে ‘সালাম’ (শান্তি) ছাড়া কোনো অর্থহীন ও অশ্লীল কথা শুনবে না এবং সেখানে সকাল-সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিযক।

63. সেই জান্নাত, আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের মধ্যে তাদেরকে, যারা মুত্তাকী।

64. (হে জিবরীল! মুহাম্মাদকে বলে দাও:) ‘আর আমরা আপনার রবের নির্দেশ ছাড়া (জমিনে) অবতরণ করি না। আমাদের সামনে (আখিরাতে) যা কিছু আছে, আর যা আছে আমাদের পিছনে (দুনিয়াতে) এবং যা রয়েছে এতদুভয়ের মধ্যে, সব তাঁরই মালিকানাধীন। আর (হে রাসূল!) আপনার রব ভুলে যান না।’

65. আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, এর প্রতিটি জিনিসেরই তিনি রব। সুতরাং তুমি তাঁর ইবাদাত করো এবং তাঁরই ইবাদাতে অটল থাকো। তুমি কি (ইবাদাতের ক্ষেত্রে) তাঁর সমগুণ সম্পন্ন কাউকে জানো?

66. আর (পুনরুত্থান অস্বীকারকারী) মানুষ বলে, ‘আমি মারা গেলে, সত্যিই কি আমাকে জীবিত অবস্থায় (কবর থেকে) বের করে আনা হবে?

67. মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে এর আগে সৃষ্টি করেছি, অথচ সে কিছুই ছিল না?

68. অতএব (হে রাসূল!) তোমার রবের শপথ ! আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে (কবর থেকে হাশরের ময়দানে) সমবেত করবোই, অতঃপর জাহান্নামের চারপাশে লাঞ্ছিত ও নতজানু অবস্থায় তাদেরকে হাজির করবোই।

69. তারপর আমি প্রত্যেক (পথভ্রষ্ট) দল থেকে, পরম করুণাময়ের প্রতি সর্বাধিক অবাধ্যকে টেনে বের করবোই।

70. উপরন্তু আমিই সর্বাধিক ভালো জানি তাদের সম্পর্কে, যারা জাহান্নামে প্রবেশের এবং দগ্ধীভূত হওয়ার অধিক উপযুক্ত।

71. আর (হে মানুষ!) তোমাদের প্রত্যেককেই তা (জাহান্নামের ওপর স্থাপিত পুলসিরাত) অতিক্রম করতে হবে। এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত।

72. তারপর আমি যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে রক্ষা করব; আর যালিমদেরকে সেখানে হাঁটু গেড়ে নতজানু অবস্থায় ছেড়ে দেব।

73. আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন যারা কুফরি করেছে তারা মুমিনদের বলে, ‘দুই দলের মধ্যে কার অবস্থান উত্তম এবং কার সভাস্থল অধিক সুন্দর?’

74. আর তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি, যারা ধন-সম্পদ ও বাহ্যিক জাঁকজমকে তাদের চেয়ে অধিক উত্তম ছিল।

75. (হে রাসূল! তুমি তাদেরকে) বলে দাও: ‘যে পথভ্রষ্টতায় রয়েছে, তাকে পরম করুণাময় প্রচুর অবকাশ দিবেন; যতক্ষণ না যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা তারা প্রত্যক্ষ করবে, চাই তা শাস্তি হোক অথবা কিয়ামত। তখন তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও দলবলে দুর্বল।’[১]

[১] অর্থাৎ তখন তারা বুঝতে পারবে, কার অবস্থান অতি নিকৃষ্ট এবং কার সাহায্যকারী খুবই নগণ্য। সেটি তাদের দল না মু’মিনদের দল?

76. আর যারা হিদায়াতের পথে চলে, আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দিবেন। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে শ্রেষ্ঠ এবং পরিণতি হিসেবেও অতি উত্তম।

77. (হে রাসূল!) তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে: ‘(আমি মরে গেলে আমাকে পুনরুত্থান করা হলেও) আমাকে অবশ্যই প্রচুর ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেয়া হবে?’

78. সে কি গায়িব সম্পর্কে অবহিত হয়েছে, নাকি পরম করুণাময়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে?[১]

[১] অর্থাৎ সে কি আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে, তিনি অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিবেন?!

79. ব্যাপারটি কখনোই সে রকম নয় (যা তারা ধারণা করছে), সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তির মাত্রা বাড়াতেই থাকব।

80. আর সে যে বিষয়ে কথা বলে, তা আমার অধিকারে থাকবে[১] এবং (কিয়ামতের দিন) আমার কাছে সে একাকী আসবে।

[১] তাকে ধ্বংস করার পর আমি তার ছেড়ে যাওয়া ধন-সম্পদ ও সন্তান-সন্ততির উত্তরাধিকারী হবো।

81. আর তারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া নিজেদের জন্যে বহু ‘ইলাহ’ গ্রহণ করেছে, যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে।

82. ব্যাপারটি কখনোই সে রকম নয় (যা তারা ধারণা করছে), এরা (ভ্রান্ত মা‘বূদরা) তাদের ইবাদাতের কথা অস্বীকার করবে এবং তাদের বিরোধী শত্রু হয়ে যাবে।

83. (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করনি যে, আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি; ওরা তাদেরকে (গুনাহের কাজে এবং আল্লাহর দ্বীন থেকে সরিয়ে নেয়ার কাজে) বিশেষভাবে প্ররোচিত করে।

84. সুতরাং (হে রাসূল!) তুমি তাদের (ধ্বংসের) ব্যাপারে তাড়াহুড়া করো না; আমি তো কেবল তাদের জন্য নির্ধারিত কাল গণনা করছি।

85. যেদিন আমি পরম করুণাময়ের নিকট মুত্তাকীদেরকে সম্মানিত মেহমানরূপে সমবেত করবো।

86. আর অপরাধীদেরকে (কাফিরদেরকে) তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবো।

87. যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না।[১]

[১] অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান এনে তাঁর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে তার কথা ভিন্ন।

88. আর তারা (ইয়াহূদী, খ্রিষ্টান ও কিছু মুশরিকরা) বলে: ‘পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন।’

89. অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ।

90. এতে (এ জঘন্যতম কথার কারণে) আসমানসমূহ ফেটে পড়ার, জমিন বিদীর্ণ হওয়ার এবং পাহাড়সমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হবে।

91. কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি করে।[১]

[১] বস্তুত আল্লাহ তা‘আলা এ থেকে একেবারেই পবিত্র।

92. অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়।

93. আসমানসমূহ ও জমিনে এমন কেউ নেই, যে বান্দা হিসেবে পরম করুণাময়ের কাছে উপস্থিত হবে না।

94. তিনি তাদের সংখ্যা জানেন এবং তাদেরকে যথাযথভাবে গণনা করে রেখেছেন।[১]

[১] সুতরাং তাঁর নিকট সৃষ্টিকুলের কোন কিছুই গোপন নয়।

95. আর তাদের সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তাঁর নিকট আসবে (উপস্থিত হবে)।

96. নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, পরম করুণাময় অবশ্যই (বান্দাদের হৃদয়ে) তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন।[১]

[১] তিনি নিজেই তাদেরকে ভালোবাসবেন এবং তাঁর বান্দাদের নিকটও তাদেরকে ভালোবাসার পাত্র বানাবেন।

97. আর (হে রাসূল!) আমি তো তোমার ভাষায় আলকুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মুত্তাকীদেরকে (জান্নাতের) সুসংবাদ দিতে পারো এবং কলহপ্রিয় জাতিকে তদ্বারা (জাহান্নামের ভীতি প্রদর্শন করে) সতর্ক করতে পারো।

98. আর আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কেই তো ধ্বংস করে দিয়েছি! তুমি কি তাদের কারো অস্তিত্ব অনুভব করতে পার, কিংবা শুনতে পাও তাদের কোনো ক্ষীণ আওয়াজ?

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আল-কাহাফসূরা ত্বা-হা ›