মুসহাফের 36 নম্বর সূরা, আয়াত 83টি, 440 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. ইয়াসীন।
2. সুদৃঢ় কুরআনের শপথ।
3. হে রাসূল! নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত।
4. সরল-সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত।
5. এটি প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
6. যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক কর, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি।[১] কাজেই তারা (ঈমান ও একত্ববাদ থেকে) উদাসীন।
[১] যাদেরকে সতর্ক করার জন্য কোন রাসূল আগমন করেনি। তাই তারা ঈমান ও একত্ববাদ থেকে উদাসীন।
7. অবশ্যই তাদের অধিকাংশের ওপর আল্লাহর বাণী (শাস্তি) অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না।
8. নিশ্চয় আমি তাদের গলায় শিকল পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত (ঢেকে দিয়েছে)। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে।
9. আর আমি তাদের (সত্য গ্রহণের পথে) সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি। অতঃপর আমি তাদের[১] ঢেকে দিয়েছি, ফলে তারা (হিদায়াত) দেখতে পায় না।
[১] দৃষ্টিকে সত্য দেখা থেকে ঢেকে দিয়েছি, তাই তারা হিদায়াতের পথ দেখতে পায় না।
10. হে নবী! তুমি তাদেরকে সতর্ক কর অথবা না কর, তাদের কাছে উভয়ই সমান; তারা ঈমান আনবে না।
11. তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।
12. নিশ্চয় আমিই মৃতদেরকে জীবিত করি, আর লিখে রাখি, যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা পিছনে রেখে যায়।[১] আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি।
[১] অর্থাৎ যে আমল তারা জীবিত অবস্থায় করে এবং যা তাদের মরণের পর অবশিষ্ট থাকে। যেমন: হয় সাদকায়ে জারিয়া না হয় কুফরী।
13. হে রাসূল! তুমি তাদের কাছে এক জনপদের[১] অধিবাসীদের উপমা বর্ণনা কর, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিল।[২]
[১] জনপদটির নাম ছিল আন্তাকিয়া, যা বর্তমানে তুরষ্কের হাতাই এলাকা নামে পরিচিত। [২] যাতে তারা এ ঘটনা থেকে উপদেশ গ্রহণ করতে পারে।
14. যখন আমি তাদের কাছে দু’জন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল। তারপর আমি তাদেরকে তৃতীয় একজন রাসূলের দ্বারা শক্তিশালী করেছিলাম। অতঃপর তারা (রাসূলগণ) বলেছিল: ‘নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল।’
15. তারা বলল: ‘তোমরা তো আমাদের মতই মানুষ।[১] আর পরম করুণাময় তো কিছুই নাযিল করেননি। তোমরা শুধু মিথ্যাই বলছ।
[১] তোমরা যেহেতু মানুষ, কাজেই তোমরা আল্লাহ প্রেরিত রাসূল হতে পারো না। অতএব, আমাদের ওপর তোমাদের কোন বিশেষত্ব নেই।
16. তারা (রাসূলগণ) বলল: ‘আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল।’
17. ‘আর সুস্পষ্টভাবে (আল্লাহর বাণী) পৌঁছিয়ে দেয়াই আমাদের দায়িত্ব।’
18. তারা (গ্রামবাসীরা রাসূলগণকে) বলল: ‘আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি।[১] তোমরা যদি (একত্ববাদের দাওয়াত থেকে) বিরত না হও, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।’
[১] অর্থাৎ গ্রামবাসীদের অবাধ্যতা ও রাসূলদের কথা অমান্য করার কারণে জনপদে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। ফলে তারা তাদেরকে অলক্ষুণে মনে করা শুরু করল।
19. তারা বলল, ‘তোমাদের অমঙ্গল তোমাদের সঙ্গেই রয়েছে। তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে বলেই কি (তোমরা আমাদের অশুভ মনে করছ)? বরং তোমরাই সীমালঙ্ঘনকারী জাতি।’
20. আর শহরের দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি[১] দৌঁড়ে এসে বলল: ‘হে আমার জাতি! তোমরা রাসূলদের অনুসরণ কর।
[১] লোকটি নাম হাবীব ইবন মারী, সে পেশায় কাঠমিস্ত্রি ছিল।
21. (হে আমার জাতি!) তোমরা তাদের অনুসরণ করো, যারা তোমাদের কাছে (দাওয়াতের বিনিময়ে) কোন প্রতিদান চায় না। আর তারা হিদায়াতপ্রাপ্ত।’
22. ‘আর আমি কেন তাঁর ইবাদাত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।’
23. আমি কি আল্লাহর পরিবর্তে অন্য কোন ইলাহ গ্রহণ করব?[১] যদি পরম করুণাময় আমার কোন ক্ষতি করার ইচ্ছা করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না ।’
[১] অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন।
24. ‘এরূপ করলে[১] নিশ্চয় আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব।’
[১] অর্থাৎ আল্লাহর পরিবর্তে অন্যদেরকে মাবূদ হিসাবে গ্রহণ করলে।
25. ‘নিশ্চয় আমি (আমার ও) তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। অতএব তোমরা আমার কথা শোন।’
26. (জাতির লোকেরা তাকে হত্যা করলে) তাকে বলা হল: ‘তুমি জান্নাতে প্রবেশ কর।’ সে[১] বলল: ‘হায়! আমার জাতি যদি জানতে পারত,
[১] জান্নাতের নি‘আমতসমূহ দেখে সে আকাঙ্ক্ষাভরে তাকে পুরস্কৃত করার কথা।
27. ‘আমার রব আমাকে কীসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত (জান্নাতি)-দের দলে অন্তর্ভুক্ত করেছেন।’
28. আর আমি তার (মৃত্যুর) পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্য (ফিরিশতা) পাঠাইনি। আর তা পাঠানোর কোন দরকারও আমার ছিল না।[১]
[১] আসমান থেকে একটি বিকট শব্দের মাধ্যমে তাদের ধ্বংস করা হয়েছে । তাতে শাস্তির ফিরিশতা অবতরণের কোন প্রয়োজন পড়েনি।
29. তা কেবল একটি বিকট আওয়াজ ছিল, ফলে তারা নিথর-নিস্তব্ধ হয়ে পড়ল।
30. হায় আফসোস বান্দাদের জন্য! যখনই তাদের কাছে কোন রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।
31. তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি, যারা তাদের কাছে আর ফিরে আসবে না?
32. আর তাদের সকলকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে।
33. আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, আমি এটিকে (বৃষ্টি বর্ষণ করে) জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি। অতঃপর তা থেকেই তারা আহার করে।[১]
[১] অর্থাৎ যিনি এই জমিনকে মৃত্যুর পর বৃষ্টি বর্ষানো ও উদ্ভিদ ফলানোর মাধ্যমে জীবিত করলেন, তিনি মৃতদেরকেও জীবিত ও পুনরুত্থান করতে সক্ষম।
34. আর আমি তার মাঝে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে প্রবাহিত করেছি কিছু ঝর্ণাধারা।
35. যাতে তারা তার ফল খেতে পারে; অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা[১] কৃতজ্ঞতা প্রকাশ করবে না!
[১] আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনে।
36. পবিত্র ও মহান সে সত্তা, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জমিনের উৎপন্ন উদ্ভিদের মধ্যে হোক, কিংবা মানুষের নিজেদের মধ্যে বা এমন সৃষ্টির মধ্যে হোক, যাদের সম্পর্কে তারা (এখনও) জানে না ।
37. আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
38. আর (আল্লাহর তাওহীদের আরেকটি নিদর্শন হলো) সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের (স্থিতিস্থলের) দিকে চলমান। এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ (আল্লাহ) কর্তৃক নির্ধারণ।
39. আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ[১], অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।
[১] অর্থাৎ আল্লাহর একত্ববাদের আরেকটি প্রমাণ হচ্ছেঃ চাঁদের জন্যে আমি প্রতি রাতে একেকটি কক্ষ নির্ধারণ করেছি। এটি ছোট আকারে প্রথমে উদিত হয়। অতঃপর ক্রমশ বড় হতে থাকে । অস্তে আস্তে আবার ছোট আকৃতি ধারণ করে। অবশেষে তা শুষ্ক বাঁকা, পুরোনো খেজুর শাখার আকারে ফিরে যায়।
40. সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়।
41. আর তাদের জন্য একটি নিদর্শন হল, (নূহ নবীর যুগে) অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরপুর নৌযানে আরোহণ করিয়েছিলাম।
42. আর তাদের জন্য তার অনুরূপ[১] সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।
[১] নূহ নবীর নৌযানের মত যানবাহন।
43. আর আমি তাদেরকে ডুবাতে চাইলে তা করতে পারি, তখন তাদের জন্য কোন সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না।
44. তবে আমার পক্ষ থেকে রহমত হিসেবে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেওয়ার জন্য (তাদের রক্ষা করা হয়)।
45. আর যখন তাদেরকে বলা হয়, তোমাদের সামনে যা আছে (পরকাল) এবং তোমাদের পিছনে যা আছে (ইহকাল) সে বিষয়ে ভয় করো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়।
46. আর তাদের রবের (একত্ববাদের) নিদর্শনসমূহ থেকে তাদের কাছে কোন নিদর্শন আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
47. আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ তোমাদেরকে যে রিযক দিয়েছেন, তা থেকে তোমরা ব্যয় কর।’ তখন কাফিররা মু’মিনদেরকে বলে: ‘আমরা কি তাদেরকে খাওয়াবো, যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতে পারেন। ওহে মু’মিনগণ! তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ।’
48. আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো (কিয়ামত সংঘটিত হওয়ার) এ প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে?
49. তারা তো কেবল এক বিকট আওয়াজের (শিঙ্গায় প্রথম ফুৎকারের) অপেক্ষা করছে, যা তাদেরকে বাক-বিতণ্ডায় লিপ্ত অবস্থায় পাকড়াও করবে।
50. সুতরাং (এই আকস্মিক বিকট ফুৎকারের ফলে) তারা কোনো ওসিয়ত করারও সুযোগ পাবে না এবং নিজেদের পরিবার-পরিজনের কাছেও আর ফিরে যেতে পারবে না।
51. আর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে।
52. তারা বলবে, ‘হায় আমাদের সর্বনাশ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল (কবর) থেকে জাগিয়ে তুলল?’ (তখন তাদেরকে বলা হবে,) ‘এটাই তো সেই প্রতিশ্রুতি, যা পরম করুণাময় (আল্লাহ) দিয়েছিলেন; আর রাসূলগণ সত্যই বলেছিলেন।’
53. এটা হবে শুধু এক বিকট আওয়াজ; তখনই তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে ।
54. সুতরাং (হে বান্দারা!) আজ কাউকেই কোন যুলম করা হবে না এবং তোমরা (দুনিয়ার জীবনে) যা আমল করছিলে, শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে।
55. নিশ্চয় (কিয়ামতের) এ দিনে জান্নাতবাসীরা আনন্দে মশগুল থাকবে।
56. তারা ও তাদের স্ত্রীগণ (জান্নাতের) সুশীতল ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে।
57. সেখানে তাদের জন্য থাকবে ফল-ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও।
58. পরম দয়ালু রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে ‘সালাম’।[১]
[১] তোমাদের ওপর শান্তি ও নিরাপত্তা।
59. ‘হে অপরাধীরা! আজ তোমরা (মু’মিনদের থেকে) পৃথক হয়ে যাও।’
60. হে বানূ আদম! আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে, ‘তোমরা[১] শয়তানের ইবাদাত করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।
[১] কুফরীও পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে।
61. আর আমারই ইবাদাত কর, এটাই সরল-সঠিক পথ।
62. আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বোঝনি?
63. এটি সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে (বারবার) দেওয়া হয়েছিল।
64. তোমরা যে কুফরী করতে, সে কারণে আজ তোমরা এখানে প্রবেশ কর (এবং দগ্ধ হও)।
65. আজ আমি তাদের মুখে মোহর মেরে দিবো এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে, যা তারা অর্জন করত।[১]
[১] ফলে তারা দুনিয়ার জীবনের কুফরী ও পাপাচারের কথা অস্বীকার করতে গেলে কথা বলতে পারবে না। উপরন্ত তাদের অঙ্গ-প্রত্যঙ্গ এ ব্যাপারে সাক্ষ্য দিবে।
66. আর আমি চাইলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম। তখন তারা (জান্নাতের) পথ খুঁজে পাওয়ার জন্য এগিয়ে যেত, কিন্তু তারা দেখবে কীভাবে (তাদের দৃষ্টিশক্তি তো কেড়ে নেওয়া হয়েছে)?
67. আর আমি যদি চাইতাম তবে তাদের নিজ নিজ স্থানে তাদের আকৃতি বিকৃত করে (পায়ের ওপর বসিয়ে) দিতাম। ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না।
68. আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টিগতভাবে আমি তাকে উল্টো অবস্থায় (দুর্বলতার দিকে) ফিরিয়ে দিই।[১] তবুও কি তারা বুঝবে না?
[১] অর্থাৎ শিশুকালে যেভাবে সৃষ্টি করেছি, বৃদ্ধকালেও তারা ঠিক ছোট বাচ্চাদের মতই দুর্বল শরীর, স্বল্প বিবেক ও জ্ঞানহীন হয়ে যায়।
69. আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটি তার জন্য শোভনীয়ও নয়। এ তো শুধু এক উপদেশ ও সুস্পষ্ট আল কুরআন মাত্র।
70. যাতে তা সতর্ক করতে পারে ঐ ব্যক্তিকে, যে জীবিত এবং যাতে কাফিরদের জন্য শাস্তির কথা অবধারিত হয়।
71. তারা কি লক্ষ্য করে না যে, আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। অতঃপর তারা হল এগুলোর মালিক।
72. আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।
73. আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরও বহু উপকারিতা ও পানীয় উপাদান।[১] তবুও কি তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না?
[১] যেমন: সেগুলোর লোম, পশম, চুল ও এগুলোর বিক্রয় মূল্য ইত্যাদি, যা দ্বারা তারা বিছানা ও পোষাক তৈরি করে এবং অন্যান্য কাজে লাগায়। তাছাড়া তারা এর দুধ পান করে।
74. অথচ তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে এই প্রত্যাশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।
75. কিন্তু এরা তাদের কোন সাহায্য করতে সক্ষম হবে না; বরং (কিয়ামতের দিন) এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনীরূপে উপস্থিত করা হবে।
76. অতএব, হে রাসূল! তাদের (অপবাদের) কথা তোমাকে যেন চিন্তিত না করে। নিশ্চয় আমি জানি, তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে।
77. (আচ্ছা, পুনরুত্থানকে অস্বীকারকারী) মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে এক ফোঁটা শুক্র থেকে সৃষ্টি করেছি? অথচ এরপরই সে (পুনরুত্থানের বিষয়ে) প্রকাশ্য এক বিতণ্ডাকারী হয়ে যায়।
78. আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে; অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, ‘হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে?’
79. হে রাসূল! তুমি বল: ‘যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই সেগুলো পুনরায় জীবিত করবেন। আর তিনি সকল সৃষ্টি সম্পর্কেই সম্যক পরিজ্ঞাত।’
80. যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও।[১]
[১] অর্থাৎ যিনি দু’টি বিপরীত বস্তুর মধ্যে সমন্বয় সৃষ্টি করতে সক্ষম হলেন যথা সবুজ বৃক্ষের সজিবতা এবং লেলিহান শিখাবিশিষ্ট অগ্নি; তিনি নিঃসন্দেহে অবশ্যই মৃতকে জীবিত করতে সক্ষম হবেন।
81. যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞানী।
82. নিশ্চয়ই তাঁর (আল্লাহর) কাজ হলো, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, তখন তিনি শুধু বলেন, ‘হও’, আর তা হয়ে যায়।
83. অতএব, পবিত্র মহান তিনি, যাঁর হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব[১] এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
[১] অর্থাৎ সব কিছুর আধিপত্য ও মালিকানা তাঁরই। তিনি ইচ্ছামত সেগুলোকে পরিচালনা করেন। তাঁর হাতে রয়েছে, সকল কিছুর চাবি।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।