তারতীলের লোগোতারতীলসরাসরি রেডিও

সূরা আল-ওয়াকিয়াহ: পাঠ ও অর্থের অনুবাদ

মুসহাফের 56 নম্বর সূরা, আয়াত 96টি, 534 পৃষ্ঠায় শুরু।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আর-রাহমানসূরা আল-হাদীদ ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. যখন (অবিশ্যম্ভাবী) কিয়ামত সংঘটিত হবে।

2. (তখন) কেউ তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী থাকবে না।[১]

[১] অথচ সে দুনিয়াতে কিয়ামত সংঘটিত হওয়াকে অস্বীকার করতো।

3. তা কাউকে[১] ভূলুণ্ঠিত করবে এবং কাউকে সমুন্নত করবে।[২]

[১] কাফিরদেরকে জাহান্নামে প্রবিষ্ট করে। [২] মু’মিনদেরকে জান্নাতে প্রবিষ্ট করে। এর কয়েকটি অর্থ হতে পারে: সেই মহা ঘটনা সব কিছু উলটপালট করে দিবে। অথবা তা নিচে পতিত মানুষদেরকে ওপরে উঠিয়ে দিবে এবং ওপরের মানুষদেরকে নিচে নামিয়ে দিবে। অথবা সেদিন কাউকে উঁচু জান্নাতে স্থান করে দেয়া হবে আর কাউকে নীচু জাহান্নামে নিক্ষেপ করা হবে।

4. যখন প্রবল প্রকম্পনে জমিন প্রকম্পিত হবে।

5. আর পর্বতমালাকে সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।

6. অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।

7. আর (সেদিন) তোমরা তিন দলে বিভক্ত হয়ে পড়বে।

8. ডান দিকের দল[১], ডান দিকের দলটি কত সৌভাগ্যবান!

[১] অর্থাৎ প্রথমত, ডান হাতে আমলনামা গ্রহণকারীদের দল।

9. আর বাম দিকের দল[১]; আর বাম দিকের দলটি কত হতভাগা!

[১] দ্বিতীয়ত, বাম হাতে আমলনামা গ্রহণকারীদের দল, যাদের ঠিকানা হবে জাহান্নাম।

10. আর অগ্রগামীরাই অগ্রগামী হবে।[১]

[১] তৃতীয়ত, দুনিয়ার জীবনে ভালো কাজে। পরকালেও পুরুস্কার লাভে।

11. তারাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত।

12. তারা নিআমতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে।

13. তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,

14. আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।[১]

[১] এখানে পূর্ববর্তী ও পরবর্তী বলতে যা বুঝানো হয়েছে: আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত সব মানুষ পূর্ববর্তী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ পরবর্তী। অথবা পূর্ববর্তী বলে সাহাবী, তাবি‘ঈ প্রমুখদের যুগকে এবং পরবর্তী বলে তাদের পরবর্তী কিয়ামত পর্যন্ত আগমনকারী মুসলিমদেরকে বোঝানো হয়েছে।

15. সুসজ্জিত আসনসমূহের ওপর।

16. তারা সেখানে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে।

17. তাদের আশ-পাশে (সেবার উদ্দেশ্যে) ঘোরাফেরা করবে চির কিশোররা,

18. পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে (তারা প্রদক্ষিণ করবে)।

19. সে শরাব পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।[১]

[১] অর্থাৎ এটি দুনিয়ার মদের মতো নয়।

20. আর (এসব কিশোরেরা) তাদের পছন্দমত ফল নিয়ে (ঘোরাফেরা করবে)।

21. আর (ওদের সামনে ঘুরে বেড়াবে) পাখির গোশত নিয়ে, যা তারা কামনা করবে।

22. আর তাদের জন্য থাকবে ডাগরচোখা হূর।

23. যেন তারা[১] সুরক্ষিত মনি-মুক্তা।

[১] ঝিনুকে লুকিয়ে থাকা।

24. (এগুলো) তারা যে আমল করতো তার প্রতিদানস্বরূপ।

25. তারা সেখানে শুনতে পাবে না কোন অর্থহীন কথা, এবং না কোন পাপের কথা;

26. শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’ (শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি)।

27. আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!

28. তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,

29. আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,

30. আর বিস্তৃত ছায়ায়[১],

[১] এমন দীর্ঘ ও স্থায়ী ছায়া যা শেষ হওয়ার নয়।

31. আর সদা প্রবাহিত পানির পাশে,

32. আর প্রচুর ফলমূলে,

33. যার সরবরাহ কখনো শেষ হবে না এবং (যার আহরণ কখনো) নিষিদ্ধও হবে না।

34. আর (তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;

35. নিশ্চয় আমি তাদেরকে (জান্নাতী নারীদেরকে) বিশেষভাবে সৃষ্টি করেছি।

36. অতঃপর তাদেরকে আমি বানিয়েছি চির-কুমারী[১],

[১] যাদেরকে ইতঃপূর্বে কেউ স্পর্শ করে নি।

37. সোহাগিনী ও সমবয়সী।

38. (তাদেরকে সৃষ্টি করেছি) ডানদিকের লোকদের জন্য।

39. তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

40. এবং তাদের অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।

41. আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!

42. তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে,

43. আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়,

44. যা শীতলও নয়, আরামদায়কও নয়।

45. নিশ্চয় তারা ইতঃপূর্বে ভোগ-বিলাসিতায় মগ্ন ছিল।

46. আর তারা অবিরাম জঘন্য পাপে[১] লিপ্ত থাকত।

[১] কুফরি ও মূর্তি পূজায়।

47. আর তারা (পুনরুত্থানকে অস্বীকার করে) বলতো: ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হবো, তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’

48. ‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও (কি পুনরুত্থিত হবে)?’

49. হে রাসূল! তুমি বলো: ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,

50. সবাইকে একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।

51. তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,

52. অবশ্যই তোমরা যাক্কূম[১] বৃক্ষ থেকে ফল ভক্ষণ করবে।

[১] যাক্কূম নামক নোংরা ও নিকৃষ্ট বৃক্ষ যা তিক্ত-বিস্বাদ ফলবিশিষ্ট এক জাতীয় কণ্টকময় বৃক্ষ।

53. অতঃপর তোমরা তা দিয়ে পেট ভর্তি করবে।

54. তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি।

55. অতঃপর তোমরা প্রচুর পরিমাণে তা পান করবে, তৃষ্ণার্ত উটের ন্যায়।

56. প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী।’

57. আমিই তোমাদেরকে (অনস্তিত্ব থেকে) সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না?[১]

[১] অর্থাৎ এরপরেও কি তোমরা এ কথা বিশ্বাস করো না যে, আমি তোমাদের মৃত্যুর পর আবারো তোমাদেরকে পুনরুত্থিত করবো?

58. তোমরা কি ভেবে দেখেছো, (স্ত্রীদের গর্ভাশয়ে) তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?

59. তোমরা কি এ বীর্য সৃষ্টি করো, না আমিই তার স্রষ্টা?

60. আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি।[১] আর আমি অক্ষম নই,

[১] ফলে তোমাদের প্রত্যেকের জন্য এমন এক নির্ধারিত মেয়াদ রয়েছে যার আগে সে মরবে না। আর তার পরেও মরবে না । আমি তোমাদের মৃত্যু দিতে অপারগ নই।

61. তোমাদের পরিবর্তে তোমাদের অনুরূপ অন্যদের আনতে এবং তোমাদের এমন এক সৃষ্টিতে সৃষ্টি করতে, যা তোমরা জানো না।

62. আর অবশ্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছো, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?

63. তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা জমিনে যা (বীজ) বপন করো সে সম্পর্কে?

64. তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?

65. আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, (তা দেখে) তখন তোমরা হতভম্ব হয়ে পড়বে,

66. (তখন বলবে:) ‘নিশ্চয়ই আমরা তো মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি;

67. ‘বরং আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’[১]

[১] অর্থাৎ বরং আমরা রিযক থেকে বঞ্চিত হয়ে পড়েছি।

68. তোমরা কি ভেবে দেখেছো, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে?

69. মেঘমালা থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?

70. আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি; তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?

71. তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে ভেবে দেখেছো কি?

72. তোমরাই কি এর গাছ (লাকড়ি) উৎপাদন করো, না আমি সৃষ্টি করি?

73. আমি এ আগুনকে করেছি তোমাদের জন্য উপদেশ ও মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।

74. অতএব, তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

75. সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের,

76. আর নিশ্চয় এটি এক মহা শপথ, যদি তোমরা জানতে[১],

[১] অর্থাৎ তোমরা যদি এসব তারকারাজির অবস্থান ও স্থানের মর্যাদা সম্পর্কে জানতে, তাহলে বুঝতে এর শপথ করা কতো মস্তবড় ব্যাপার। তাতে রয়েছে অগণিত নিদর্শন ও উপদেশাবলী।

77. নিশ্চয় এটি মহিমান্বিত আল-কুরআন,

78. যা আছে সুরক্ষিত কিতাবে (আল-লাওহুল মাহফূযে),

79. পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করবে না।

80. এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

81. তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছো?

82. আর একে মিথ্যারোপ করাকেই তোমরা তোমাদের রিযক বানিয়ে নিয়েছো![১]

[১] অর্থাৎ আল্লাহ নি‘আমতস্বরূপ তোমাদেরকে যে জীবিকা প্রদান করেছেন সেটির শুকরিয়া হিসেবে তোমরা আল-কুরআনের প্রতি মিথ্যারোপ করছো।

83. সুতরাং, কেন নয়- যখন রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়?[১]

[১] তোমরা সেটাকে আটকাতে পারোনা কেন?

84. আর তখন তোমরা কেবল (মুমূর্ষু ব্যক্তির প্রতি) চেয়ে থাকো।

85. আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।[১]

[১] অর্থাৎ এমতাবস্থায়ও আমি আমার ইলম, ক্ষমতা ও ফিরিশতাদের মাধ্যমে তোমাদের অপেক্ষা তোমাদের মৃতদের আরো নিকবর্তী হই। কিন্তু তোমরা এ সব ফিরিশতাদেরকে দেখতে পাও না।

86. আচ্ছা, যদি তোমাদের পুনরুত্থান ও হিসাব-নিকাশ না হওয়াই ঠিক হয় (যেমনটি তোমরা ধারণা করো),

87. তাহলে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও!

88. অতঃপর সে যদি (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,

89. তবে তার জন্য থাকবে অফুরন্ত সুখ-শান্তি, বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও নি‘আমতে ভরপুর জান্নাত।

90. আর যদি সে ডানদিকের একজন হয়,

91. তবে (তাকে বলা হবেঃ), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের (ডানপন্থী বা ডান দলের) একজন।’

92. আর সে যদি (পুনরুত্থান ও সত্যকে) মিথ্যারোপকারী ও পথভ্রষ্ট দলের একজন হয়,

93. তবে তার মেহমানদারী হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে,

94. আর সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে।

95. নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

96. অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।

অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)

অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।

এর তিলাওয়াত শুনুনতাফসীরসহ মুসহাফে এই সূরাটি পড়ুন‹ সূরা আর-রাহমানসূরা আল-হাদীদ ›