মুসহাফের 75 নম্বর সূরা, আয়াত 40টি, 577 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. আমি (আল্লাহ) শপথ করছি কিয়ামতের দিনের!
2. আমি আরো শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার!
3. মানুষ কি মনে করে যে, আমি কখনোই তার (মৃত্যুর পর ছড়িয়ে-ছিটিয়ে থাকা) হাড়গুলো একত্র করতে পারব না?
4. হ্যাঁ, অবশ্যই আমি তার আঙুলের ডগাগুলোও পূর্বের ন্যায় সুগঠিত করতে সক্ষম।
5. বরং (পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে) মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।
6. সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’
7. যখন চক্ষু হতচকিত হবে,
8. আর চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে,
9. আর সূর্য ও চাঁদকে একত্র করা হবে।
10. সেদিন মানুষ বলবে: ‘পালাবার স্থান কোথায়?’
11. কখনোই নয়, (আজকের দিন পালিয়ে যাওয়ার মত) কোন আশ্রয়স্থল নেই।
12. সেদিন শুধু ঠাঁই হবে তোমার রবের নিকট।
13. সেদিন মানুষকে অবহিত করা হবে কী (আমল) সে অগ্রে পাঠিয়েছে এবং পশ্চাতে রেখে গেছে।
14. বরং মানুষ তার নিজের (কাজকর্মের) ব্যাপারে সম্যক অবগত।
15. যদিও সে (নিজেকে নির্দোষ প্রমাণের জন্য) নানা অজুহাত পেশ করে।
16. হে রাসূল! আল-কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াচাড়া করো না।[১]
[১] ভুলে যাওয়ার আশঙ্কায় তাড়াহুড়া করে উচ্চারণ করতে থেকো না।
17. নিশ্চয়ই (তোমার বক্ষদেশে) এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই।
18. অতঃপর আমি যখন[১] আল-কুরআন পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ করো।
[১] জিবরীলের মাধ্যমে তোমার কাছে ।
19. তারপর এর বর্ণনার (ব্যাখ্যার) দায়িত্ব আমারই।
20. কখনো না; বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাস।
21. আর তোমরা আখিরাতকে পরিত্যাগ করো।
22. সেদিন কিছু মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল।
23. তারা তাদের রবের দিকে চেয়ে থাকবে।
24. আর সেদিন অনেক চেহারা হবে বিবর্ণ-বিষণ্ণ।
25. সে মনে করবে যে, তার ওপর এক মহাবিপর্যয়কর শাস্তি আপতিত হবে।
26. (মুশরিকরা যেমন ধারণা করে যে, মৃত্যুর পর তাদের কোনো শাস্তি হবে না, ব্যাপারটি) কখনোই তেমন নয়। যখন প্রাণ কণ্ঠাগত হবে।
27. আর বলা হবে, ‘কে আছে, যে তাকে ঝাড়ফুঁক করে বাঁচাতে পারবে?’
28. আর সে (মৃত্যুর যন্ত্রণায় তখন) মনে করবে, ‘এটিই (দুনিয়া থেকে) বিদায়ক্ষণ।’
29. আর তখন (দুনিয়ার শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে) সকল বিপদাপদ একত্রিত হবে।[১]
[১] আয়াতের আরেকটি অর্থ: তখন অস্থিরতার কারণে এক পায়ের গোছার সঙ্গে অপর পায়ের গোছা জড়িয়ে যাবে।
30. সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
31. সুতরাং, সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।
32. বরং সে (সত্যকে) মিথ্যারোপ করেছিল এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
33. তারপর সে (কাফির) অহংকার প্রদর্শন করে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।
34. দুর্ভোগ তোমার জন্য, অতঃপর দুর্ভোগ!
35. তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
36. মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
37. সে কি (একসময়) বীর্যের স্খলিত শুক্রবিন্দু ছিল না?
38. অতঃপর সে ‘আলাকায় (জমাট রক্তপিণ্ডে) পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
39. অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।
40. তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?[১]
[১] হ্যাঁ, অবশ্যই তিনি মৃতদের হিসেবের উদ্দেশ্যে জীবিত করতে সক্ষম।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।