মুসহাফের 102 নম্বর সূরা, আয়াত 8টি, 600 পৃষ্ঠায় শুরু।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
1. (হে মানুষ!) প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে[১] ভুলিয়ে রেখেছে।
[১] আল্লাহর আনুগত্য থেকে।
2. যতক্ষণ না তোমরা (মৃত্যুবরণ করে) কবরে গিয়ে পৌঁছোও।
3. কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
4. তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই (এর পরিণতি সম্পর্কে) জানতে পারবে।
5. কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞান লাভ করতে![১]
[১] আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তিনি অচিরেই তোমাদের আমলের প্রতিদান দিবেন এটি নিশ্চিত জানলে, তোমরা সম্পদ ও সন্তানাদির প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হতে না।
6. তোমরা (কিয়ামত দিবসে) অবশ্যই জাহান্নাম দেখবে;
7. তারপর (আবারো বলছি,) তোমরা তা দেখবে নিশ্চিতভাবে নিজেদের চোখে।
8. তারপর সেদিন অবশ্যই তোমরা (আল্লাহ প্রদত্ত) নি‘আমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
অর্থের অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center, সংস্করণ 1.1.4, QuranEnc.com থেকে অপরিবর্তিতভাবে প্রকাশিত। (QuranEnc.com)
অনুবাদ কুরআনের অর্থ তুলে ধরে; এটি স্বয়ং কুরআন নয়। কুরআন হলো উপরের আরবি পাঠ।